বরিশালে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সম্পন্ন, অংশ নিলেন দুই শতাধিক শিক্ষার্থী

বরিশালে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সম্পন্ন, অংশ নিলেন দুই শতাধিক শিক্ষার্থী

বরিশালে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সম্পন্ন, অংশ নিলেন দুই শতাধিক শিক্ষার্থী

নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি।
কর্মশালায় বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার প্রায় দুই শতাধিক সংগীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই দিনের নিবিড় প্রশিক্ষণে নজরুলসংগীতের সুর, তাল, উচ্চারণ, পরিবেশন কৌশল এবং গানের ভাবপ্রকাশ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই দিন, ২৫ জুলাই সন্ধ্যায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশালে এই দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এ ধরনের আয়োজনকে নজরুলচর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।