বিশ্বকাপ উপলক্ষে ইসিএস কম্পিউটার সিটির ব্যতিক্রমী আয়োজন

বিশ্বকাপ উপলক্ষে ইসিএস কম্পিউটার সিটির ব্যতিক্রমী আয়োজন

ক্যাপশন নেই

ফুটবল বিশ্বকাপ–২০২৬-এর উন্মাদনাকে ঘিরে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার) ক্রেতাদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় বিশেষ অফার। প্রযুক্তিপণ্য কেনাকাটায় উৎসাহ বাড়াতে এবং বিশ্বকাপের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ অফার। এ সময়ে ইসিএস কম্পিউটার সিটির যেকোনো দোকান থেকে প্রতি এক হাজার টাকা মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা পাবেন একটি করে র‍্যাফেল কুপন। এসব কুপনের মধ্য থেকে লটারির মাধ্যমে ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে।

বিজয়ীদের জন্য রাখা হয়েছে কক্সবাজার ভ্রমণের বিশেষ পুরস্কার। বিমান টিকিট, হোটেলে থাকা এবং খাবারসহ পুরো ভ্রমণের ব্যয় বহন করবে আয়োজকরা। আগামী ২০ জুলাই রাত ৮টায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রযুক্তিপণ্যের বাজারকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি বিশ্বকাপের উৎসবকে ঘিরে ক্রেতাদের জন্য আনন্দময় অভিজ্ঞতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্লান সেন্টার) মেম্বার সেক্রেটারি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, “দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের মার্কেট হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময়ই ক্রেতাদের জন্য নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। বিশ্বকাপ–২০২৬ উপলক্ষে এই আয়োজন শুধু একটি অফার নয়; এটি প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং ক্রীড়াপ্রেমীদের একসঙ্গে সম্পৃক্ত করার একটি উৎসব। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করবে এবং প্রযুক্তিপণ্যের ক্রেতাদের জন্য বাড়তি প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে।”

বিশ্বকাপকে ঘিরে এ আয়োজন ইতোমধ্যেই প্রযুক্তিপণ্য ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আয়োজকদের আশা, উৎসবমুখর এ উদ্যোগ প্রযুক্তি বাজারে কেনাকাটার গতি বাড়ানোর পাশাপাশি বিশ্বকাপের আনন্দকে নতুন মাত্রা দেবে।