দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শুধু বদলি নয়, সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এসব অনিয়মকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।”

স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে আধুনিক ও কার্যকর করা হবে। স্বাস্থ্যখাতে চলতি বছরই একটি নতুন যুগের সূচনা করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

জাতীয় বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের বাজেট একটি আদর্শভিত্তিক বাজেট। বাজেটে ঘোষিত প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ডায়াবেটিক সমিতির নেতারা।