স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয়, বিশ্বকাপ থেকে ৩১৬ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয়, বিশ্বকাপ থেকে ৩১৬ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ ষোলোতেই ভেঙে গেলেও আর্থিক দিক থেকে শূন্য হাতে ফিরছে না ব্রাজিল। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও ফিফার নির্ধারিত পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা পাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাবে। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ ছিল।

সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ধরে এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা

এদিকে, এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বিতরণ করছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি

পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বকাপজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা

মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, কয়েকশ কোটি টাকার এই পুরস্কার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য বড় আর্থিক প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলের ফুটবল উন্নয়ন, অবকাঠামো গড়ে তোলা এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।