দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে’: নাহিদ ইসলাম

দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে’: নাহিদ ইসলাম

দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে’: নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতি ইঙ্গিত করে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এই আলোচনা সভার যৌথ আয়োজক ছিল এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

আলোচনা সভায় বিরোধী মত দমনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা বর্তমান সরকারের মধ্যেও দৃশ্যমান।”

দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। সরকার যদি এসব ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তবে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানকে সফল করতে এবং দেশের সংকট কাটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান দলটির আহ্বায়ক।

গণ-অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তিনি আরও বলেন, শুরু থেকেই এই আন্দোলনের অসাম্প্রদায়িক চরিত্র বিদ্যমান ছিল এবং সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমেই তা সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে নয়, বরং দল-মতনির্বিশেষে সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বর্তমানে সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও সহিংসতার খবরগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রত বিচারের দাবি জানান তিনি।

‘জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি’

আলোচনা সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও ক্ষোভ প্রকাশ করে বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “বিএনপি মুখে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে পালনের কথা বললেও, সে বিষয়ে কিছুটা সন্দেহ থেকে যায়।” ১৭ কোটি মানুষের দাবির প্রতি শ্রদ্ধা রেখে যত তাড়াতাড়ি সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

ঐতিহাসিকভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বৌদ্ধদের অংশগ্রহণের কথা উল্লেখ করে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, আন্দোলনের মূল চেতনা এখনো অর্জিত হয়নি; বরং দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মাবলম্বী ও তাঁদের উপাসনালয় আক্রান্ত হচ্ছে, যা গণমাধ্যমে পর্যাপ্ত প্রচার পাচ্ছে না।

অন্যান্য বক্তাদের বক্তব্য

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান অধিকার পাবে।

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম 'বিডিজবস'-এর প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, “বিভিন্ন পক্ষ এখনো চেষ্টা করছে জুলাই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করতে। কিন্তু যেসব ভিন্ন ধর্মাবলম্বী এতে প্রাণ দিয়েছেন, তাঁরাই প্রমাণ করেন এটি একটি অসাম্প্রদায়িক আন্দোলন ছিল। আমাদের এই সত্য সঠিকভাবে তুলে ধরে যেতে হবে।”

আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটার ওপর সবচেয়ে বেশি হামলা ও দখলের ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর কোনো বিচার হয়নি। আমরা যে ‘নতুন বাংলাদেশ’-এর কথা বলছি, তা এখনো অর্জিত হয়নি বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল ও জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।