আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ২রা আগস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে ঘর থেকেই পরিবর্তনের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: যৌতুক ও মাদককে সমাজের জন্য মারাত্মক অভিশাপ উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমাজ পরিবর্তন করতে হলে অন্যের ওপর নির্ভর না করে আগে নিজের পরিবার থেকেই সচেতনতা ও পরিবর্তনের সূচনা করতে হবে।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহরে এলজিইডি ভবন মিলনায়তনে আঞ্জুমানে রজরিয়া ট্রাস্ট আয়োজিত ‘যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা একদিকে ধর্ম ও মানবতার কথা বলি, অন্যদিকে বিয়েতে অতিরিক্ত যৌতুক ও বরযাত্রীর বোঝা চাপিয়ে কন্যাপক্ষকে অসহায় করে তুলি—যা অত্যন্ত দুঃখজনক। নিজের মেয়ের সঙ্গে আমরা যে সম্মানজনক আচরণ আশা করি, ছেলের স্ত্রীর সঙ্গেও একই আচরণ করা উচিত। অন্যকে যে ভালো কাজের পরামর্শ দিচ্ছি, তা আগে নিজ পরিবারে বাস্তবায়ন করতে হবে।"
গত ১৭ বছরে সমাজে নীতি ও নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, "নিজের সন্তানও যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তাকেও কোনো ছাড় না দিয়ে আইনের হাতে তুলে দিতে হবে।"
জনসচেতনতা বৃদ্ধির কার্যকর মাধ্যম তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম (ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম), রেডিও, টেলিভিশন ও পথনাটকের মাধ্যমে মাদকের ভয়াবহতা প্রচার করতে হবে। পাশাপাশি আলেম-ওলামারা ওয়াজ মাহফিল ও জুম্মার খুতবায় যৌতুক ও মাদকের বিরুদ্ধে আলোচনা করে জোরালো জনমত গড়ে তুলতে পারেন।
মুহাম্মদ আবুল কাশেম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে বিভিন্ন স্তরের বিশিষ্ট আলেম-ওলামা ও স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।