তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, জীবনসঙ্গী গৌরী স্প্র্যাট

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, জীবনসঙ্গী গৌরী স্প্র্যাট

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট-এর সঙ্গে রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধিত বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করেন এই দম্পতি।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল নান্দনিক গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। বিয়ের পর সামাজিকমাধ্যমে প্রকাশিত তাদের প্রথম ছবি ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিয়ের আগে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তারা একেবারেই সাদামাটা ও ঘরোয়া পরিবেশে নিবন্ধিত বিয়েই করতে চান। তিনি বলেন, দুই পরিবারের সদস্য ও অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করার পরিকল্পনা ছিল তাদের।

বর্তমানে গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও পরে তার চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়।

আমির তখন বলেছিলেন, প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন থেকে তিনি অনেক কিছু শিখেছেন। গৌরীর সঙ্গে তিনি জীবনে নতুন স্থিরতা ও প্রশান্তি খুঁজে পেয়েছেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে একটি পডকাস্টে তিনি জানান, দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা ফিরে আসবে—এমনটা তিনি কখনো ভাবেননি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও-কে বিয়ে করেন। তাদের এক ছেলে আজাদ রাও খান রয়েছে। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। নতুন এই বিয়ের অনুষ্ঠানেও রীনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।